সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে এখন থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে রোববার (৫ জুলাই) এ নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি সব ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারণা সামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তির ছবি নয়, অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিতে হবে। নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে কর্মসূচির লক্ষ্য, গুরুত্ব ও মূল বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।
পরিপত্র জারির কারণ সম্পর্কে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, রোববার সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের কর্মসূচির ব্যানারে নিজের ছবি দেখতে পান। পরে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে এ ধরনের প্রচারণা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর পরিপ্রেক্ষিতেই মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি সব অনুষ্ঠান ও কর্মসূচির প্রচারণা সামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে আনুষ্ঠানিক পরিপত্র জারি করে।




















