বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশ ধীরে ধীরে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে অগ্রসর হচ্ছে।
শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এবারের বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে স্থানীয় সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা যায়।
চট্টগ্রামকে দেশের অন্যতম লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সমুদ্রবন্দর, ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, আনোয়ারায় প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে একাধিক বন্দর নির্মাণ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের আঞ্চলিক হাবে উন্নীত করা এবং একটি চাইনিজ ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশ উন্নয়ন করা হলে ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে। এছাড়া মাতারবাড়ীকে কেন্দ্র করেও বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামকে ঘিরে দেশের অর্থনৈতিক করিডর আরও শক্তিশালী হবে এবং বন্দরগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এসব প্রকল্প দীর্ঘমেয়াদি হলেও সরকার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবও যুক্ত হয়েছে। তাই প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করা হবে, এরপর উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ ধীরে ধীরে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা।



















