ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হলেন ৪৩ বছরের হারনান আলবার্তা গিল ফ্লোরেস। ঘটনাটি ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
গত ২৪ জুন শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার একটি শপিং মল ধসে পড়ে। সেই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়েন হারনান। প্রথম ধাক্কার পর একাধিক আফটারশক এবং টানা বৃষ্টির কারণে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কাছাকাছি।
তবুও হাল ছাড়েনি উদ্ধারকারী দল। টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের গভীর থেকে জীবিত অবস্থায় তাঁকে বের করে আনা হয়। উদ্ধারকালে তাঁর শরীর ছিল ধুলোবালিতে আচ্ছন্ন এবং অক্সিজেন মাস্কে শ্বাস নিচ্ছিলেন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধারকাজে যুক্ত রেড ক্রসের সদস্যরা জানান, হারনানকে পাওয়ার পর তিনি অনুরোধ করেছিলেন যেন তাঁর স্ত্রীকে এখনই জানানো না হয়, কারণ তাঁর বেঁচে থাকার নিশ্চয়তা তখনও পুরোপুরি ছিল না।
আট দিনের এই বেঁচে ফেরাকে অনেকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করছেন। উদ্ধারকারী দলের দৃঢ়তা ও মানবিক প্রচেষ্টাই শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে এক জীবন—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।






















