পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০১:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
যশোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস, যশোর।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, তা নিয়মিত পরিচর্যাও করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃত্ব বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করেছে এবং বর্তমানে দেশব্যাপী এ কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ চলছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি নিজ হাতে একটি ফলদ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা।





















