এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের যোগদান

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এর আগে সোমবার (২৯ জুন) আহসান হাবিবকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমানে এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন। তার নিয়োগের মধ্য দিয়ে প্রথমবারের মতো এনবিআরের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।
এর আগে আহসান হাবিব কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে কর ফাঁকি, আর্থিক অনিয়ম ও বিদেশে অর্থপাচারসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধানে নেতৃত্ব দেন তিনি।
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, তাদের পরিবার, শীর্ষ আমলা ও একাধিক করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি অনুসন্ধানের কারণে আলোচনায় আসেন আহসান হাবিব। এসব অনুসন্ধানে কয়েক শ কোটি টাকার কর ফাঁকি উদঘাটনের তথ্যও উঠে আসে।
১৯৬৯ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণকারী আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।



















