বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাগেরহাট শহরের নাগেরবাজারের এলাকার রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেলাল সরদারের বিরুদ্ধে। ঘটনার পর স্বামী বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট সদর থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় পৌরসভার নাগেরবাজার এলাকার সিরাজ উদ্দিন শাহিনের বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই বেল্লাল এই বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগমকে বিভিন্ন সময় মারধর করতেন তার স্বামী। রবিবার সন্ধ্যায় দুজনের মধ্যে বাকবিতÐার একপর্যায়ে রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে।
নিহত রাজিয়ার ভাই রিপন জানান, বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও তাস খেলায় আসক্ত ছিল। কিছুদিন আগেও আমার বোনের কাছে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে চাপ দিয়েছিল। আমরা তাকে বারবার জুয়া না খেলতে বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনত না। বেলাল ও রাজিয়ার দুটি মেয়ে। বড় মেয়ে বিবাহিত, ছোট মেয়েটি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরিফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্ত সোমবার দুপুরে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে সম্পর্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















