এনআইডিতে নতুন নিয়ম! করতে হবে নবায়ন

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ বছর মেয়াদ পূর্ণ হলে প্রত্যেক নাগরিকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি।
ইসি সূত্র জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ও বিধিমালায় নবায়নের বিষয়টি থাকলেও বর্তমানে তা বাধ্যতামূলক নয়। তবে সময়ের সঙ্গে মানুষের চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন জৈবিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসায় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে নিয়মিত নবায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
ইসি কর্মকর্তাদের মতে, ১৫ বছর দীর্ঘ সময়। এ সময়ের মধ্যে মানুষের চেহারায় বড় পরিবর্তন আসতে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে চেহারা পরিবর্তন করতে পারেন, এমনকি সার্জারির মাধ্যমে শারীরিক পরিবর্তনও আনতে পারেন। পাশাপাশি আঙুলের ছাপের মান কমে যাওয়ার কারণেও পরিচয় শনাক্তে সমস্যা হতে পারে।
আইনে কী আছে
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি দিয়ে নবায়নের জন্য আবেদন করার বিধান রয়েছে।
জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, নবায়নের জন্য নাগরিককে সরাসরি বা অনলাইনে আবেদন করতে হয়। প্রয়োজনীয় ফি পরিশোধের পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে একই নম্বরে নতুন এনআইডি দেওয়া হয়।
বর্তমানে নবায়নের ক্ষেত্রে আঙুলের ছাপ ও চোখের আইরিশসহ বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে। বিধিমালায় জরুরি আবেদনের জন্য সাত দিন এবং সাধারণ আবেদনের জন্য ৩০ দিনের সময় নির্ধারণ করা আছে।
বাধ্যতামূলক করার বিষয়ে ইসির ভাবনা
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, বর্তমানে কেউ চাইলে এনআইডি নবায়ন করতে পারেন, তবে ১৫ বছর পর বাধ্যতামূলক করা যায় কি না তা বিবেচনা করা হচ্ছে।
ইসি কর্মকর্তারা বলছেন, নবায়নের মাধ্যমে ছবি, আঙুলের ছাপ ও আইরিশের মতো তথ্য হালনাগাদ থাকবে। এতে পরিচয় যাচাই সহজ হবে এবং অনিয়মের সুযোগ কমবে।
তবে নবায়নের জন্য ফি নেওয়া হবে কি না, নাকি বিনা ফিতে করা হবে—সেটিও বিবেচনা করছে কমিশন।
এনআইডি মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা জানান, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

















