প্রতিশোধ নয়, দেশ গঠনের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
প্রতিশোধের মানসিকতা পরিহার করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের ঘটনার প্রতিশোধ নিয়ে কিছুই ফিরে পাওয়া যাবে না; বরং দেশ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমার সঙ্গে যা-ই ঘটুক না কেন, প্রতিশোধ নিলেই তা ফিরে পাওয়া যাবে না। তাই প্রতিশোধের চিন্তা থেকে বেরিয়ে দেশের জন্য আমরা কী করতে পারি, সেটিই ভাবতে হবে। সফলতা পরে আসবে, আগে প্রয়োজন দেশকে নিয়ে ইতিবাচক মানসিকতা।”
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সবসময় সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বর্তমান সরকারও স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম চায়। সরকারের ভুলত্রুটি থাকলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “সরকার একা সবকিছু করতে পারে না। সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারাই আমাদের জানাবেন কোথায় ভুল হচ্ছে, কোথায় উন্নতির সুযোগ আছে। আপনাদের সহযোগিতা পেলে সরকারের কাজ আরও সহজ হবে।”
তিনি ১৬ জুনকে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে বলেন, একসময় দেশের অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র কয়েকটি পত্রিকা প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, এখন সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সংবাদপত্রের ওপর আরোপিত বিধিনিষেধও তুলে দিয়েছিলেন। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। তাই রাষ্ট্র ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।





















