মির্জা ফখরুল
নীতি নয়, নাগরিক কতটা উপকৃত হচ্ছেন সেটাই মূল্যায়ন জরুরি
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
শুধু নীতি প্রণয়ন করলেই হবে না, সেই নীতির সুফল নগরবাসী কতটা পাচ্ছেন তা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নগর উন্নয়ন ও সেবাব্যবস্থায় বিভিন্ন সময়ে যে কাঠামোগত পরিবর্তন আনা হয়, সেগুলো অবশ্যই পরিকল্পিত ও বাস্তবভিত্তিক হতে হবে। নীতি গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষ তার বাস্তব সুফল পাচ্ছেন কি না, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
রাজধানীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা এখন আর বাসযোগ্য শহর বলে মনে হয় না। বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, নগর উন্নয়নের জন্য নানা প্রকল্প গ্রহণ করা হলেও বুড়িগঙ্গা নদীসহ আশপাশের নদীগুলোর দূষণ ও পরিবেশগত সংকট দূর করা যাচ্ছে না। এসব নদী রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

























