সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ চেষ্টার বিচার দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশ-ইন’ প্রচেষ্টা এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলোর বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
বুধবার (৩ জুন) যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ দাবি জানান।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার ও আইনের দৃষ্টিতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।
এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকায় বিভিন্ন স্লোগানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। সীমান্তবাসীর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আরও আধুনিক ও সক্ষম বাহিনীতে পরিণত করতে হবে। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক অপরাধে জড়িত থাকলেও বিচারিক প্রক্রিয়া ছাড়া প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে প্রাণহানির ঘটনাগুলো আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তব্যে তিনি সম্প্রতি আলোচিত উসমান হাদি হত্যাকাণ্ডেরও প্রসঙ্গ টানেন। এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচার যেন দীর্ঘসূত্রতায় আটকে না থাকে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে জনগণ সবসময় ঐক্যবদ্ধ থাকবে।
উল্লেখ্য, গত ৩১ মে রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় কিছু মানুষকে জড়ো করার ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















