হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ‘রাজশাহী সিল্ক’-এর হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার সকালে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর সোনালি আঁশ পাটের ঐতিহ্য এখনো কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় বিলুপ্তির পথে। ব্র্যাকের বিশাল সাংগঠনিক সক্ষমতা ও বিভিন্ন খাতে সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই শিল্পকে আবারও পুনরুজ্জীবিত করা সম্ভব।
তিনি আশা প্রকাশ করে বলেন, ব্র্যাক যেন রাজশাহীর সিল্ক শিল্পকে পুনরায় বিশ্বব্যাপী পরিচিত করে তোলার দায়িত্ব নেয়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাকের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সরকার আশা করছে, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাক ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে।
তিনি ব্র্যাককে নিজ দেশে, বিশেষ করে রাজশাহীর উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বরেন্দ্র অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধিতে একটি এগ্রো ইপিজেড এবং বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক কৃষি গবেষণা, খাদ্যপণ্য রপ্তানি এবং সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা জরুরি।
এমপি মিলন আরও বলেন, মোহনপুর অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল পান দীর্ঘদিন ধরে ভাইরাসে আক্রান্ত হলেও কার্যকর সমাধান আসেনি। এ বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও গবেষণার আহ্বান জানান তিনি।
বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি আধুনিক ড্রেনেজ ও পানি সংরক্ষণ প্রকল্প গ্রহণের দাবি জানান। পাশাপাশি পতিত জমি ও বিল এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাবও দেন।
অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ বলেন, ব্র্যাকের জন্ম বাংলাদেশে এবং দেশের মানুষের উন্নয়নই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। মানুষের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে কাজ করাই ব্র্যাকের মূল দর্শন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান নারী নির্যাতন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাকের মতো প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ব্র্যাক জানায়, ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৯২টি অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার দারিদ্র্যমুক্ত হয়েছে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও কর্মসংস্থান খাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।





















