‘লাল বাদশা’র সাথে ফ্রি ‘সোহেলি’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাগেরহাটে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল আকৃতির ব্রাহমা জাতের ষাঁড় ‘লাল বাদশা’। সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের খামারি মোশাররফ শেখের খামারে লালন-পালন করা এই ষাঁড়টির ওজন প্রায় ১২০০ কেজি। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।
অদ্ভুত প্রস্তাব হিসেবে, গরুটি কিনলে ক্রেতাকে বিনামূল্যে ৩০ কেজি ওজনের ‘সোহেলি’ নামের একটি ছাগল দেওয়ার ঘোষণা দিয়েছেন খামারি।
সরেজমিনে দেখা যায়, শান্ত স্বভাবের হলেও বিশাল আকৃতির কারণে ‘লাল বাদশা’কে গোয়ালঘর থেকে বের করতে ৩–৪ জনের প্রয়োজন হয়। প্রায় চার বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, ভুসি, কাঁচাঘাস, ভাতের মাড়, ভুট্টা, কলা ও মৌসুমি ফল খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে বলে জানান খামারি।
খামারি মোশাররফ শেখ বলেন, শখের বসে গরু পালন শুরু করলেও এখন এটি তার সন্তানের মতো হয়ে গেছে। দূর-দূরান্ত থেকে মানুষ গরুটি দেখতে আসছেন, অনেকে দামও বলছেন। তবে সংসার ও সন্তানের পড়াশোনার খরচের কারণে বিক্রি করতে হচ্ছে। তিনি আশা করছেন কোরবানির আগমুহূর্তে কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে।
তিনি আরও জানান, ১০ লাখ টাকায় গরুটি বিক্রি হলে সঙ্গে ফ্রি দেওয়া হবে ‘সোহেলি’ নামের ছাগলটি।
প্রতিবেশী মশিয়ার রহমান বলেন, প্রতিদিনই অনেক মানুষ গরুটি দেখতে আসছেন। বাগেরহাটের কোরবানির পশুর হাটে এটি অন্যতম বড় গরু হিসেবে আলোচনায় রয়েছে।
বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছাহেব বলেন, খামারিটি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক উপায়ে গরু পালন করছেন। এবারও ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, জেলায় এবারের কোরবানির জন্য ৮৪ হাজার ৯৬৭টি গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে চাহিদা ৭৭ হাজার ৮৮৯টি। ফলে জেলায় পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে।




















