২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭। অন্যদিকে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক এ তথ্য জানান।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছিল। তবে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
অংশীজনদের মত ছিল, হঠাৎ করে ডিসেম্বর মাসে পাবলিক পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সমস্যা হতে পারে। তাই এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শিক্ষা বোর্ডগুলোও এখন সেই সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
বুধবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতেই নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে দেশে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর সেই পুরোনো সময়সূচি আর পুরোপুরি বজায় রাখা সম্ভব হয়নি।
চলতি বছর ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে জুলাই মাসে।

























