‘ডিজিটাল সংকটে’ ইরান: ৫৭ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট!
- সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে গভীর ডিজিটাল সংকটে পড়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, দেশটিতে টানা দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে, যা বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদি জাতীয় পর্যায়ের ইন্টারনেট ব্ল্যাকআউট হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে এবং পরবর্তী সময়ে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে ইরানের ৯ কোটির বেশি মানুষ ডিজিটাল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নেটব্লকসের মূল্যায়ন অনুযায়ী, এর আগে বিক্ষোভ ও নিরাপত্তাজনিত কারণে দেশটির বিভিন্ন এলাকায় আংশিকভাবে ইন্টারনেট সীমিত করা হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হওয়ায় দেশব্যাপী ব্ল্যাকআউটের মতো পরিস্থিতি তৈরি হয়।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকায় শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কার্যক্রমেও ব্যাপক প্রভাব পড়ছে। তারা সতর্ক করে জানিয়েছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে তা ইরানের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর ওপর গুরুতর চাপ সৃষ্টি করতে পারে।
নেটব্লকস আরও জানায়, এর আগে দীর্ঘতম ইন্টারনেট বন্ধের রেকর্ড ছিল সুদানের, যেখানে গৃহযুদ্ধের সময় প্রায় ৩৬ দিন ইন্টারনেট বন্ধ ছিল। মিয়ানমার ও ইথিওপিয়ার মতো দেশেও বিভিন্ন সময়ে দীর্ঘ সময় ধরে আংশিক বা পূর্ণ ইন্টারনেট শাটডাউন দেখা গেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মত।























