জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি এবং মিথ্যা চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী -এর এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত আব্দুল আজিজ—যিনি আল আমিন বাসনালের স্বত্বাধিকারী—দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছেন। তার দাবি, মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া হিসেবে কর্মরত থাকাকালে তাকে মানসিকভাবে নির্যাতন করে বেতনের টাকা আত্মসাৎ করা হয়।
এছাড়া, তার ছোট বোনকে আটকে রাখা এবং পরে মাকে উদ্ধার করতে গেলে তাকেও জিম্মি করার অভিযোগ তোলেন মিঠু। পরিবারের সদস্যদের উদ্ধার করতে গেলে তার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করা হয় বলেও দাবি করা হয়।
মিঠু আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট চুরির মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় মাহফুজুর রহমান, শাহিদুল ইসলাম শামীম ও নজরুল ইসলামকেও আসামি করা হয়েছে।
তিনি বলেন, “আমরা গরিব মানুষ। অর্থ ও ক্ষমতার জোরে আমাদের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও আমরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা প্রশাসনের কাছে আহ্বান জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে হয়রানিমূলক মামলা থেকে তাদের মুক্তি দেওয়া হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বজন, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























