দুধ থেকে তৈরি ট্যাবলেটে সারবে চোখের রোগ!
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
দীর্ঘ সময় কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকা, টিভি দেখা বা ভিডিও গেম খেলা চোখের শুষ্কতা বা ড্রাই আই-এর অন্যতম কারণ। এছাড়া ক্যাটারাক্ট, চোখের সংক্রমণ ও রেটিনার সমস্যা দেখা দিতে পারে, যা সময়মতো চিকিৎসা না নিলে অন্ধত্বের ঝুঁকি বাড়ায়। শুধু চোখের ড্রপ দিয়েই এসব সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়।
এক্ষেত্রে সহায়ক হতে পারে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর চিকিৎসকরা সম্প্রতি তৈরি করা নতুন ওষুধ। এটি গরুর দুধ থেকে প্রাপ্ত ল্যাক্টোফেরিন প্রোটিন দিয়ে তৈরি ট্যাবলেট, যা চোখের ক্ষতি রোধ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
ওষুধটি গরুর কলোস্ট্রাম থেকে তৈরি করা হয়েছে। কলোস্ট্রাম হল জন্মের পর ঘন হলুদ দুধ, যা অ্যান্টিবডি সমৃদ্ধ এবং শরীরের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। ল্যাক্টোফেরিন দিয়ে তৈরি এই ট্যাবলেট চোখের শুষ্কতা ও রেটিনার যে কোনও রোগের নিরাময় করতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এমস-এ প্রাথমিকভাবে প্রায় ২০০ জন রোগীর ওপর থেরাপি চালানো হয়েছে। ২৫০ মিলিগ্রামের ট্যাবলেট দিনে দুইবার খাওয়ানোর পর চোখের বিভিন্ন সমস্যার লক্ষণ কমতে শুরু করেছে। চিকিৎসকেরা বলছেন, শুধু ডিজিটাল আসক্তিই নয়, সূর্যের অতিবেগুনি রশ্মি ও বাইরে দীর্ঘ সময় থাকার কারণে চোখের কর্নিয়া ও লেন্সের ক্ষতি হয়। নিয়মিত ধূমপান বা মদ্যপান থাকলে ক্যাটারাক্ট হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।
তবে এমসের চিকিৎসকরা দাবি করছেন, এই ট্যাবলেট চোখকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে এবং পার্শ্বপ্রতিক্রিয়া কম।

















