আছিয়ার বোনের শ্বশুরবাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
বোনে বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু আছিয়া মারা গেছে। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।
এদিকে, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নিহত শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর জানাজা শেষে আছিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডীতে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন :মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে
এর আগে ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ মাগুরায় নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।
শিশু আছিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই মাগুরায় শুরু হয় ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ। ছাত্র-জনতা শহরে একাধিক বিক্ষোভ মিছিল শেষে শহরের ভায়না এলাকায় সড়ক অবরোধ করে রাখে।
আরও পড়ুন :ধর্ষণ প্রতিরোধে নতুন আইন, আলাদা ট্রাইব্যুনাল
মৃত্যুর খবর শোনার পরপরই তার বাড়িতে ছুটে যান সর্বস্তরের জনগণ। ইফতারের পরপরই তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা স্টেডিয়ামে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় নোমানী ময়দানে। সেখানে সন্ধ্যা ৭টায় জানাজা সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্র-জনতা অংশ নেয়।
জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডী গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়। এরপর জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন :আছিয়া ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
মরদেহের সঙ্গে হেলিকপ্টারে শিশুটির মা এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মাগুরায় যান। বিমান থেকে নামার পর উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। কারণ এত ছোট্ট বাচ্চা একটা মেয়ের ধর্ষিত হওয়া মেনে নেয়া যায় না, এটা কারও জন্য মেনে নেয়া যায় না। শিশুটি আমাদেরই মেয়ে, আমরা সেভাবেই দেখছি।’
আরও পড়ুন :ধর্ষকদের ফাঁসি চাইলেন সেই শিশুর মা
আজ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরায় নির্যাতিত শিশু। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। নির্যাতিত শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। সে তৃতীয় শ্রেণিতে পড়তো। রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বড় বোনের বাড়ি মাগুরা শহরে বেড়াতে আসে। সেখানেই বড় বোনের শ্বশুরের লালসার শিকার হয় ৮ বছরের শিশুটি।






















