মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১২ নম্বর বিচারক রিপন হোসেন এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, নুরুল ইসলাম নাহিদ আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বুধবার রাতে উত্তরার বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ও হামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল নুরুল ইসলাম নাহিদকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে তিনি নিজের কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাঁর রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।


























