ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
২০ নভেম্বর থেকে নিয়মিত চলবে প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস; যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের প্রত্যাশা
পাবনাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এর মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হলো জেলাবাসীর।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনে ঢাকায় যাতায়াতকারী মানুষের জন্য নতুন এই রেল যোগাযোগকে বড় স্বস্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এবং পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলসহ স্থানীয় নেতারা।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আগামী ২০ নভেম্বর থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেন নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। সূচি অনুযায়ী, প্রভাতী এক্সপ্রেস প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আর গোধূলি এক্সপ্রেস বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
নতুন ট্রেন চালুর ফলে রাজধানীর সঙ্গে পাবনার যোগাযোগ আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাতায়াতকারী রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। একই সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এত দিন ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে সড়কপথের যানজট ও নানা ভোগান্তি ছিল বড় সমস্যা। সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় এখন তুলনামূলক স্বস্তিতে রাজধানীতে যাওয়া সম্ভব হবে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্যও এই যোগাযোগব্যবস্থা বিশেষ সুবিধা বয়ে আনবে।
সংবাদকর্মী খলিলুর রহমান বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এর ফলে শিক্ষার্থী, কর্মজীবী ও চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগীদের যাতায়াত সহজ হবে। সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত ট্রেন চালু হওয়ায় পাবনাবাসী আনন্দিত। তবে যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য আরও আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে যাতায়াতের ভোগান্তি কমবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, সরাসরি ট্রেন চালুর ফলে বিশেষ করে নারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, ঢাকা-পাবনা রেল যোগাযোগ চালু জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ। এতে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলও নতুন এই ট্রেন চালুকে অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এতে মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, জোড়াতালি দিয়ে অনেক আগেই এই রুটে ট্রেন চালু করা সম্ভব ছিল। কিন্তু পাবনাবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্পূর্ণ নতুন কোচ দিয়ে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হওয়ায় তাঁরাও আনন্দিত।
দীর্ঘদিনের দাবি পূরণে উচ্ছ্বসিত পাবনাবাসীর প্রত্যাশা, নতুন এই রেল যোগাযোগ শুধু রাজধানীতে যাতায়াত সহজ করবে না, বরং জেলার সামগ্রিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।






















