রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যার দায়ে রাষ্ট্রটির বিরুদ্ধে ঐতিহাসিক রায়; ৯-৬ ভোটে সিদ্ধান্ত, ক্ষতিপূরণ ও ভিটেমাটিতে নিরাপদে ফেরানোর নির্দেশ
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া রায়ে আদালত বলেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায় মিয়ানমারের। ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। তবে রায় ঘোষণার পরপরই তাদের প্রত্যাবাসন শুরু হচ্ছে না; এ জন্য মিয়ানমারকে আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
রায় ঘোষণার সময় আইসিজির সভাপতি বিচারক ইউজি আইওয়াসাওয়া বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উত্তর রাখাইনে রোহিঙ্গাদের হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপরও চরম সহিংসতা করেছে। পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গারাও হামলার শিকার হন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য উঠে এসেছে।
আদালতের এই রায়কে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। আইসিজি বলেছে, মিয়ানমার শুধু গণহত্যা সংঘটনের দায়েই দায়ী নয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে এবং এ-সংক্রান্ত আইন প্রণয়নেও ব্যর্থ হয়েছে। পাশাপাশি গণহত্যার অভিযোগ-সংক্রান্ত প্রমাণ সংরক্ষণে আদালতের নির্দেশও যথাযথভাবে পালন করেনি দেশটি।
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযানের পর সাত লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা এ মামলায় গাম্বিয়াকে সমর্থন দেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো। পরে আরও কয়েকটি দেশ মামলার শুনানিতে অংশ নেয়। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার শুনানিতে মিয়ানমারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। দেশটির প্রতিনিধি কো কো হ্লাইং আদালতে বলেন, মামলার রায় যেন আবেগনির্ভর বক্তব্য বা ভিত্তিহীন অভিযোগের ওপর নয়, বরং প্রমাণিত তথ্যের ভিত্তিতে দেওয়া হয়। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায় মিয়ানমারের ওপরই নির্ধারণ করেছে।
রায়ে মিয়ানমারকে গণহত্যা-সংক্রান্ত অপরাধে জড়িত বলে যুক্তিসংগতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত, প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে নিশ্চয়তা দিতে, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে এবং বাস্তুচ্যুতদের নিরাপদে নিজ আবাসস্থলে ফেরার পরিবেশ তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবে আদালত।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ রায়কে রোহিঙ্গা গণহত্যার শিকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দায়মুক্তির অবসান এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
তবে আদালতের রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ তৈরি করলেও বাস্তবে তারা কবে ফিরতে পারবেন, তা নির্ভর করছে মিয়ানমারের সহযোগিতা, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি এবং প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপর। রায়ে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নির্দেশ থাকলেও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শরণার্থীদের ঘরে ফেরা অনিশ্চিতই থাকছে।
























