মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক, গবেষণায় বিস্মিত বিজ্ঞানীরা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে দৃশ্যমান সংকেত বুঝে সাড়া দেওয়ার সক্ষমতা; একই পরীক্ষায় মানুষ ও বানরের সময় লেগেছে প্রায় দ্বিগ
মানুষের মস্তিষ্ককে বুদ্ধিমত্তার শীর্ষে রাখার প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তুলেছে কাকের ওপর করা এক গবেষণা। দৃশ্যমান সংকেত বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সে অনুযায়ী সাড়া দেওয়ার ক্ষেত্রে কাক মানুষ ও বানরের চেয়েও এগিয়ে—এমন তথ্য উঠে এসেছে জার্মানির টিউবিনজেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। গবেষকদের পর্যবেক্ষণ, নির্দিষ্ট একটি পরীক্ষায় কাকের সিদ্ধান্ত নিতে সময় লেগেছে মাত্র ২৩৫ মিলিসেকেন্ড। একই কাজে মানুষ ও বানরের প্রায় দ্বিগুণ সময় প্রয়োজন হয়েছে।
গবেষণাটি পরিচালিত হয়েছে জার্মানির টিউবিনজেন বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজি ইনস্টিটিউটে। নেতৃত্বে ছিলেন অধ্যাপক ফিলিপ স্মিটবাওয়ার ও আন্দ্রেয়াস নিডার। গত মাসে গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’-এ। গবেষকদের দাবি, কোনো পাখির সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত স্নায়বিক গতির পরিমাপ নিয়ে এটি প্রথম গবেষণা।
গবেষণার ফল পাখিদের বুদ্ধিমত্তা ও মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ আরও বাড়িয়েছে। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী মাইক কলম্বো বলেন, পাখিরা বানর ও মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে—এটি বিস্ময়কর। পাখির মস্তিষ্কের গঠন কতটা আকর্ষণীয়, তা বুঝতে বিজ্ঞানীদের দীর্ঘ সময় লেগেছে বলেও মন্তব্য করেন তিনি।
পরীক্ষায় দুই কাকের অসাধারণ গতি
গবেষণার জন্য লেমি ও ইগি নামের দুটি কাককে বেছে নেওয়া হয়। এর আগেও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিয়েছে কাক দুটি। এবার তাদের সামনে রাখা হয়েছিল একটি কালো পর্দা। সেখানে অসংখ্য সাদা বিন্দু বিভিন্ন দিকে চলাচল করছিল। বিন্দুগুলোর গতির অভিমুখ বুঝে পর্দায় ঠোঁট দিয়ে আঘাত করার প্রশিক্ষণ দেওয়া হয় তাদের।
কয়েক সপ্তাহের প্রশিক্ষণের পর কাক দুটি বিন্দুর গতিপথ অনুযায়ী বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে ঠোকর দিতে সক্ষম হয়। সংকেত পরিবর্তনের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষকেরা তাদের তিন সেকেন্ড সময় নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু পরীক্ষায় দেখা যায়, নির্ধারিত সময়ের অনেক আগেই সঠিক সিদ্ধান্ত নিচ্ছে তারা। গড়ে মাত্র ২৩৫ মিলিসেকেন্ডেই সংকেত বুঝে প্রতিক্রিয়া জানাতে পেরেছে কাক দুটি।
একই ধরনের পরীক্ষায় মানুষ ও বানরের প্রায় দ্বিগুণ সময় লেগেছে বলে গবেষকেরা জানিয়েছেন। এমনকি গবেষণাগারে উপস্থিত কর্মী ও কর্মকর্তাদেরও পরীক্ষা নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে স্নাতক ও পিএইচডি ডিগ্রিধারীরাও ছিলেন। কিন্তু কাকের দ্রুততার সঙ্গে পেরে ওঠেননি কেউ। গবেষণাপত্রের অন্যতম লেখক আন্দ্রেয়াস নিডার জানান, এমন ফলাফল তাঁরা প্রত্যাশা করেননি।
ছোট মস্তিষ্ক, ঘন নিউরনের বিন্যাস
কাকের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পেছনে মস্তিষ্কের বিশেষ গঠন কতটা ভূমিকা রাখে, তা বুঝতে গবেষকেরা পরীক্ষার সময় ইলেকট্রোডের সাহায্যে তাদের স্নায়বিক কার্যকলাপ রেকর্ড করেন।
পাখির মস্তিষ্কে ‘নিডোপ্যালিয়াম কডোল্যাটেরালে’ নামে একটি অংশ রয়েছে। কাজের দিক থেকে এটি প্রাইমেটদের মস্তিষ্কের ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’-এর সঙ্গে তুলনীয়। পরিকল্পনা, স্মৃতি, চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের মতো জটিল কাজের সঙ্গে এ অংশ যুক্ত। গবেষক আন্দ্রেয়াস নিডার একে মস্তিষ্কের ‘সিইও’ হিসেবে বর্ণনা করেছেন।
গবেষণায় দেখা গেছে, কাকের মস্তিষ্ক আকারে ছোট হলেও এই অংশে নিউরনের বিন্যাস অত্যন্ত ঘন। বানরের প্রিফ্রন্টাল কর্টেক্সের সঙ্গে তুলনা করে দেখা যায়, কাকের নিডোপ্যালিয়াম কডোল্যাটেরালেতে প্রায় একই সংখ্যক নিউরন রয়েছে। পার্থক্য হলো, কাকের ক্ষেত্রে সেগুলো তুলনামূলক ছোট জায়গায় ঘনভাবে সাজানো।
গবেষকদের ধারণা, এই বিন্যাস দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে কেবল নিউরনের সংখ্যা বা ঘনত্ব দিয়েই কাকের সামগ্রিক বুদ্ধিমত্তা ব্যাখ্যা করা যায় না।
বেঁচে থাকার তাগিদে দ্রুত প্রতিক্রিয়া
কাকসহ পাখিদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার পেছনে তাদের জীবনযাপনের ধরনও গুরুত্বপূর্ণ হতে পারে। আকাশে উড়তে গিয়ে পাখিদের প্রায়ই শিকারি প্রাণী, বাধা কিংবা আকস্মিক বিপদের মুখোমুখি হতে হয়। এসব পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি থাকে। বিজ্ঞানীদের ধারণা, টিকে থাকার এই চাপ থেকেই পাখিদের দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা বিকশিত হয়েছে।
কাক ছাড়াও বিভিন্ন পাখির বুদ্ধিমত্তা নিয়ে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। দেখা গেছে, পায়রা ক্যানসারযুক্ত ও ক্যানসারবিহীন কোষের ছবি আলাদা করতে পারে। সংখ্যা, শব্দ এবং অর্থহীন শব্দের মধ্যেও পার্থক্য করতে সক্ষম তারা। অন্যদিকে, কাকসহ করভিড গোত্রের পাখিরা অন্য পাখির আচরণ ও সম্ভাব্য উদ্দেশ্য বুঝে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারে।
একসময় ছোট মস্তিষ্কের কারণে পাখিদের বুদ্ধিমত্তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সংশয় ছিল। কিন্তু নতুন নতুন গবেষণায় সেই ধারণা বদলাচ্ছে। কাকের এই গবেষণা আবারও দেখাল, মস্তিষ্কের আকার বড় হলেই যে সিদ্ধান্ত নেওয়ার গতি বেশি হবে, এমন নয়। তবে গবেষণার ফলকে মানুষের সামগ্রিক বুদ্ধিমত্তার সঙ্গে কাকের সরাসরি তুলনা হিসেবে দেখার সুযোগ নেই; এটি নির্দিষ্ট দৃশ্যমান সংকেত শনাক্ত ও তাতে দ্রুত সাড়া দেওয়ার পরীক্ষার ফল।
























