গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলছে। নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তাঁদের বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে সরকার। একই ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সহিংসতার ঘটনা কোনোভাবেই সহ্য করবে না সরকার। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, গোপালগঞ্জে যে নৃশংসতা ও সহিংসতা হয়েছে, তা মেনে নেওয়ার কোনো কারণ নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সাধারণ রাজনৈতিক কর্মকাণ্ডও বর্তমানে বেআইনি। দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা করার সুযোগ নেই। অথচ সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
তথ্য উপদেষ্টা বলেন, ‘এই ঘটনা সরকার টলারেট করার কোনো কারণ নেই। যারা এসব নাশকতা ও সহিংসতায় জড়িত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজন অনুযায়ী ও আনুপাতিক হারে বলপ্রয়োগের নীতি অনুসরণ করবে। যাঁদের ছবি ও ভিডিওতে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
ইতোমধ্যে যৌথ বাহিনী গোপালগঞ্জে অবস্থান করছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। মঙ্গলবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী নুরুল আমিন ওরফে তুহিন (৫৫), মো. বিল্লাল হোসেন (৪১) ও আবুল বাশার (৪৭)। এসআরবি-২-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং যুবলীগের সদস্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তুহিন যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি ও যাত্রাবাড়ী স্থানীয় ওয়ার্ড কমিটির যুগ্ম সম্পাদক। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী ও ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, দাঙ্গা, চুরি ও মারধরসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ
এদিকে, গত রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। মঙ্গলবার শহরের সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রয়েছে। তবে জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য। পাশাপাশি প্রায় দুই হাজার পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আট প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায়ও বাড়তি নজরদারি রাখা হয়েছে। মঙ্গলবার নতুন করে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। দিনভর এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাহত হয় জেলার স্বাভাবিক জীবনযাত্রা।

























