মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাজধানীর কলাবাগান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে কলাবাগান থানার একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, যুবদলের কয়েকজন নেতাকর্মী মির্জা আনোয়ারকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। এরপর থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
তবে মির্জা আনোয়ারের রাজনৈতিক পরিচয় বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন পরিদর্শক ইব্রাহিম সোহেল।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে মির্জা আনোয়ারকে আটকের কথা জানান রবিউল ইসলাম নয়ন। ভিডিওতে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাঁকে আটক করতে দেখা যায়। পোস্টে নয়নের দাবি, নাশকতার পরিকল্পনার সময় হাতেনাতে মির্জা আনোয়ারকে আটক করা হয়েছে।
ভিডিওতে নয়ন আরও অভিযোগ করেন, আটকের পর তাঁকে গ্রেপ্তার না করতে পুলিশের একজন ডিআইজি ফোন করে নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাঁকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’
তবে ওই ডিআইজির পরিচয় কিংবা এমন কোনো ফোনকলের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওতে আটক ব্যক্তিকে মারধর না করতে নেতাকর্মীদের সতর্ক করেন যুবদল নেতা নয়ন। তিনি বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’
অন্যদিকে, ভিডিওতে মির্জা আনোয়ারকে বলতে শোনা যায়, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ—দুটিই এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।





















