১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ পেছালেও আগামী ১ ডিসেম্বর থেকেই বর্ধিত মজুরি কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতের পেছনে কোনো চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বোর্ড চেয়ারম্যান জানান, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো ধরনের চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় নির্ধারিত সময়ে সভা আয়োজন সম্ভব হয়নি। এ কারণে নতুন তারিখ হিসেবে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এ সময় মজুরি নিয়ে কোনো ধরনের ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক, নতুন নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়।
তবে বোর্ড গঠন ও ত্রিপক্ষীয় আলোচনার পরও পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ পুরোপুরি থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া, ঘোষণার সময় এবং ১ ডিসেম্বর থেকে তা কার্যকরের প্রস্তুতি নিয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের মধ্যে প্রত্যাশার পাশাপাশি অনিশ্চয়তাও রয়েছে।





















