যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
যমুনার দুর্গম চরাঞ্চলে মাদক ব্যবসা, জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বন্ধের প্রতিবাদ করায় হুমকি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার একটি পরিবার। প্রভাবশালী হেকমত প্রামাণিক ও তাঁর লোকজনের ভয়ে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি উপজেলার সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের মোতালেব মন্ডল ও তাঁর পরিবারের। স্থানীয়দের অভিযোগ, যমুনার টগারচর এলাকায় হেকমত প্রামাণিক ও তাঁর লোকজনের বিরুদ্ধে মাদক ব্যবসা, জুয়া এবং অশ্লীল নৃত্যের আয়োজন পরিচালনার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মোতালেবের ওপর ক্ষুব্ধ হন হেকমত।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে চেঙ্গানিয়া বাজারসংলগ্ন ঘাটে মোতালেবকে পেয়ে তাঁর ওপর শারীরিক হামলার চেষ্টা চালানো হয়। এ সময় দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। এরপর থেকে হেকমত প্রামাণিক ও তাঁর লোকজন মোতালেব এবং তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ।
ভুক্তভোগী মোতালেব মন্ডল বলেন, “আমাদের বসতভিটা এই দুর্গম চরাঞ্চলের চেঙ্গানিয়া গ্রামে। আমি আর আমার বৃদ্ধ বাবা ছাড়া পরিবারের আর কোনো নিকটাত্মীয় নেই। স্থানীয় বাজারে আমার একটি কীটনাশকের দোকান রয়েছে। বর্তমানে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে দোকান চালানো তো দূরের কথা, আবাদি ফসল ও গবাদিপশু নিয়ে বাড়ি থেকেও বের হতে পারছি না। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”
পরিবারের সদস্যরা জানান, রাতের আঁধারে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তাঁদের নির্ঘুম রাত কাটছে। নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তাঁরা নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে চলাফেরা ও জীবিকা পরিচালনার সুযোগ চান।
অভিযোগের বিষয়ে হেকমত প্রামাণিকের সঙ্গে কথা বলা হলে তিনি ‘মাদক কারবারিদের দৌড়ানি দিয়েছেন’ বলে জানান।
তবে মোতালেবের ওপর হামলার চেষ্টা, পরিবারকে হুমকি এবং মাদক ব্যবসা ও অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বিস্তারিতভাবে পাওয়া যায়নি।
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তাহীনতার এ পরিস্থিতিতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
























