আট মাসেও আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি সরকার: নাহিদ ইসলাম

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, সরকারের ওপর জনগণের আস্থা নেই। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়নি। বরং সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকারকে শায়েস্তা করতে আমরা আন্দোলন চালিয়ে যাব। এজন্য জনগণকে রাজপথে নেমে আসতে হবে।’ ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে এনসিপি আহ্বায়ক বলেন, যারা দেশের ও জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে। তাঁর আশঙ্কা, গ্যাসের দাম আরও বাড়লে বাজারে এর দাম ৩ হাজার ৩৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সময়মতো উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে। অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন বিএনপি কেন তাঁদের দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ডিসেম্বরে দেশের পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকে নিতে হবে। ওই মাসে এনসিপি রাজপথে থাকবে। জনগণের অধিকার ও দেশের স্বার্থে আন্দোলন অব্যাহত থাকবে।
গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে গঙ্গা চুক্তি করা সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে ডিসেম্বর মাসে রাজপথে আন্দোলন করবে এনসিপি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।























