ফরম সংগ্রহ ও জমা দিলেই সড়কে চলাচলের সুযোগ মিলবে না
১০০ টাকায় মিলছে ই-রিকশার নিবন্ধন ফরম, অনুমতি নয়

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ব্যাটারিচালিত ই-রিকশা নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিবন্ধনের আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে ফরম সংগ্রহ কিংবা জমা দেওয়াকে ই-রিকশা চলাচলের অনুমতি হিসেবে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আবেদন জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। এরপর সংশ্লিষ্ট ই-রিকশার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি ছাড়পত্র নিতে হবে। অর্থাৎ নিবন্ধন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন হলেই সড়কে চলাচলের অনুমোদন পাওয়া যাবে না।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রাথমিকভাবে সিটি করপোরেশনের নির্ধারিত ওয়ার্কশপে ই-রিকশা তৈরি করতে হবে। পাশাপাশি থানা বা ওয়ার্ডভিত্তিক চার্জিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। কোন এলাকায় কতটি ই-রিকশা চলাচল করতে পারবে, সেটিও পরবর্তী সময়ে নির্ধারণ করবে সিটি করপোরেশন।
নিবন্ধন প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে রাজধানীর ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। তবে নিবন্ধন, কারিগরি মান যাচাই, উৎপাদন এবং চার্জিং অবকাঠামো—এই ধাপগুলো কীভাবে বাস্তবায়িত হবে, তার ওপরই নির্ভর করবে উদ্যোগটির কার্যকারিতা।





















