ঠাকুরগাঁও-১ আসনে ভোট শুরু, নিরাপত্তার চাদরে ১৮৫ কেন্দ্র

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শুরু হয়েছে ভোটের লড়াই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের। অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
প্রথমে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
নিরাপত্তায় বাড়তি সতর্কতা
ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন।
ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং ভোটগ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গঠন করা হয়েছে মনিটরিং সেল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে উদ্বেগের কারণ নেই এবং ভোটের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাঁচ লাখের বেশি ভোটার
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন; তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ ও নারী ৩৮ জন।
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যের পদ ছাড়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসন পূরণেই অনুষ্ঠিত হচ্ছে এ উপনির্বাচন।





















