হাসপাতাল মনিটরিংয়ে ৫৪ কর্মকর্তা, নজরদারিতে হাজিরা-পরিচ্ছন্নতা-সরঞ্জাম
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করবেন। হাসপাতাল প্রধানদের সঙ্গে সমন্বয় করে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত ডিজিটাল হাজিরা তদারক করতে হবে এবং উপস্থিতিসংক্রান্ত তথ্য ও প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীদের সেবাপ্রাপ্তি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় নজরদারি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।























