অভিবাসন নীতি কঠোর করার আলোচনা, মিউনিখে ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ইউরোপে অভিবাসন নীতি আরও কঠোর করার বিষয়ে আলোচনা করতে জার্মানির মিউনিখে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর ১৭ জন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে ইইউর অভ্যন্তরীণ ও অভিবাসনবিষয়ক কমিশনার মাগনুস ব্রুনারও অংশ নেবেন।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডটের মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে ইউরোপীয় অভিবাসন চুক্তি আরও পরিমার্জন, ইইউর বহিঃসীমান্তে নজরদারি জোরদার এবং ইউরোপ থেকে অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আলোচনা হবে।
অভিবাসন নীতিতে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
এদিকে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও গ্রিস ইউরোপের বাইরে তৃতীয় কোনো দেশে নির্বাসন কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও আলাদাভাবে আলোচনা করবে।
জার্মানি চলতি বছরের শেষ নাগাদ আফ্রিকা বা এশিয়ার কোনো একটি দেশের সঙ্গে এ ধরনের একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে বলে জানা গেছে।
ইউরোপে অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা এবং প্রত্যাবাসন ব্যবস্থা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই মিউনিখের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।























