ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরের পর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ইরানের পক্ষ থেকে সাত দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সংঘাতের কারণে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন তিনি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প—মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
সম্প্রতি জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। প্রস্তাব অনুযায়ী, সমঝোতা হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়ে প্রস্তুত রয়েছে ইরান।
আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আন্তরিক হয়, তাহলে সমঝোতার বাকি বিষয়গুলোও এগিয়ে নেওয়া সম্ভব।
এর আগে মার্কিন এক কর্মকর্তাও রয়টার্সকে জানিয়েছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ইতিবাচক ও গঠনমূলক আলোচনা’ চলছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান প্রকাশ্যে আসার পর সেই আলোচনা কতটা এগোবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, ইরান আগ্রাসন চালায়নি; বরং নিজেদের আত্মরক্ষায় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইরানের ওপর হামলা হলে দেশটি তার জবাব দেবে।
পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চায়, তবে সেই শক্তি অন্য দেশের ওপর আধিপত্য বিস্তারের জন্য ব্যবহার করার পরিকল্পনা নেই।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও ট্রাম্পের সর্বশেষ হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
























