টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে যাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও উৎসাহ দিতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’।
আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও সংবর্ধনা দিয়েছিলেন প্রতিমন্ত্রী।
থাকছে ক্রেস্ট-সার্টিফিকেটসহ উপহার
অনুষ্ঠানে সদর উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট, কলেজ ব্যাগসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার দেওয়া হবে।
এ ছাড়া মেডিকেল ও বুয়েট ভর্তি পরীক্ষায় সাফল্য পাওয়া কৃতী শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয় শিক্ষক এবং দেশের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেবেন।
‘মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে’
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া সবার দায়িত্ব। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা যেন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য শিক্ষা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই সাফল্যের শেষ কথা নয়; জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের সেই পথচলায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।
আজই রেজিস্ট্রেশনের শেষ দিন
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইল সদর উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন।
আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।























