লক্ষ্মীপুরে পরিবেশমন্ত্রী
দুর্নীতি করলে আপনাদের মাধ্যমেই করব

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দুর্নীতি সমাজে আছে এবং তা পুরোপুরি নির্মূল করা কঠিন—তবে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, ‘দুর্নীতি কে করে, আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব। ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাব। দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।’
আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, রাজনীতিবিদদের কাজ বক্তব্য দেওয়া, আর সরকারি চাকরিজীবীদের কাজ কিছু কাজ করা এবং কিছু চুরি করা—এমন মন্তব্য করে তিনি সরকারি কর্মকর্তাদের বর্তমান প্রযুক্তি ও পরিবর্তিত সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভূমিকা পালনের আহ্বান জানান।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।





















