সারজিস আলম
সংসদকে দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে বিএনপি

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি সংসদকে দলীয় সংসদে পরিণত করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “সংসদকে দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে বিএনপি। এ অপচেষ্টা কখনো দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বরং বিরোধী দলকে রিসিভ করতে শিখুন, তাদের কথা বলতে দিন। আপনারা এসব বিষয় সংশোধন করে কাজ করুন।”
তিনি বলেন, বিএনপি যদি দেশের মানুষের জন্য কাজ করে, তাহলে এনসিপি সহযোগিতা করবে। তবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করা হবে।
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। তারা তিনটি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, যার মধ্যে জ্বালানি ও আইনশৃঙ্খলা অন্যতম। কিন্তু এসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সহনীয় সীমা ছাড়িয়ে যাচ্ছে। মধ্যবিত্তরাও ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ থাকছে না এবং বিভিন্ন কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে।
“বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে। তারা এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না,” বলেন সারজিস।
তিনি আরও বলেন, জনগণের দাবি তুলে ধরতে এবং তাদের সঙ্গে নিয়ে বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট। বিরোধী দল হিসেবে বিএনপির ভুল-ব্যর্থতাগুলো তুলে ধরাই তাদের উদ্দেশ্য।
সারজিস আলম বলেন, “শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা তাদের চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই—তারা প্রত্যেকটি জায়গায় ব্যর্থ হচ্ছে এবং মাঠপর্যায়ে মানুষের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।”






















