চার ক্যাটাগরির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি, কার্যকর ১ জুলাই

- সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১৫ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন ভাতার হার চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তরা মাসিক ২৫ হাজার টাকা মূল সম্মানি ভাতা পাবেন।
এদিকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার শ্রেণিতে ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
‘এ’ শ্রেণি (৯৬-১০০ শতাংশ পঙ্গুত্ব):
এই শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসে ৩০ হাজার টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা ও ৫ হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে মোট নিয়মিত সুবিধা হবে ৩৭ হাজার টাকা। এছাড়া জীবিত মুক্তিযোদ্ধারা অতিরিক্ত ৮ হাজার টাকা সহায়ক ভাতা পাবেন। ফলে তাদের মোট মাসিক প্রাপ্য দাঁড়াবে ৪৫ হাজার টাকা। তবে মৃত্যুর পর উত্তরাধিকারীরা এই অতিরিক্ত সহায়ক ভাতা পাবেন না।
‘বি’ শ্রেণি (৬১-৯৫ শতাংশ পঙ্গুত্ব):
এই শ্রেণির মুক্তিযোদ্ধারা মাসিক ২৮ হাজার টাকা মূল ভাতা পাবেন। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তাদের মোট মাসিক সুবিধা হবে ৩৫ হাজার টাকা।
‘সি’ শ্রেণি (২০-৬০ শতাংশ পঙ্গুত্ব):
মূল ভাতা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ মোট মাসিক সুবিধা হবে ৩০ হাজার টাকা।
‘ডি’ শ্রেণি (১-১৯ শতাংশ পঙ্গুত্ব):
এই শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা মূল ভাতা পাবেন। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তাদের মোট মাসিক ভাতা হবে ২৭ হাজার টাকা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বছরে দুটি উৎসব ভাতা পাবেন, যার প্রতিটির পরিমাণ হবে তাদের নিজ নিজ মূল ভাতার সমান। এছাড়া জীবিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবসে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর আওতায় সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা নতুনভাবে পুনর্নির্ধারণ করা হলো।




















