আজও বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, দুর্ভোগে নগরবাসী

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা ও জনভোগান্তি কাটেনি। রোববারের ভারী বর্ষণের পর সোমবার (১৩ জুলাই) সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকায় অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
সকাল থেকেই নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে ছাতা হাতে দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। গণপরিবহনের সংকটের কারণে অনেকেই কাদা-পানি মাড়িয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন। বাসের সংখ্যা কম থাকায় প্রায় সব যানবাহনেই ছিল অতিরিক্ত ভিড়।
এ সুযোগে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
গতকালের টানা বৃষ্টিতে গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, শনির আখড়া, বংশাল, নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিল, গুলশান লেকপাড়, কালাচাঁদপুরসহ রাজধানীর বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সোমবার সকালেও এসব এলাকার অনেক সড়কে পানি জমে থাকতে দেখা গেছে।
রামপুরা থেকে পল্টনে কর্মস্থলে যাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন বলেন, বৃষ্টির কারণে বাসের সংকট তৈরি হয়েছে। আর সিএনজি ও রিকশাচালকেরা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ ভাড়া দাবি করছেন। অফিসে সময়মতো পৌঁছাতে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
অন্যদিকে সিএনজিচালক মোখলেসুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। জলাবদ্ধতার কারণে ইঞ্জিন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আগের দিন পানি জমে তার গাড়ি বিকল হয়ে যাওয়ায় আয় করতে পারেননি। তাই কিছুটা বেশি ভাড়া চাওয়া হচ্ছে, তবে যাত্রী রাজি হলেই তিনি যাতায়াত করেন।
সোমবার সকালেও রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম ছিল। ফলে অধিকাংশ বাসেই অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়, যা নগরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে আবহাওয়ার উন্নতি না হলে রাজধানীতে জলাবদ্ধতা ও যান চলাচলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।




















