উখিয়ায় পাহাড় ধসে একরাতেই ৮ জনের মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কক্সবাজারের উখিয়া ও আশপাশের এলাকায় পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে সোমবার (৬ জুলাই) রাতভর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড় ধসে চারজন নিহত হন। একই সময় পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আরেকটি ধসে আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় আলাদা ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ১১ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন— উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) ও হারুনুর রশিদ (৩)। অন্যদিকে ১৫ নম্বর ক্যাম্পে নিহত হন মোহাম্মদ কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং তাদের শিশু সন্তান মোহাম্মদ আনাস (৪)।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ডলার ত্রিপুরা জানান, টানা ভারি বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন বসতঘরের ওপর ধসে পড়ে। প্রথমে ১৫ নম্বর ক্যাম্পে উদ্ধার অভিযান শুরু করা হয়, পরে ১১ নম্বর ক্যাম্পেও ধসের খবর পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হলেও তারা সবাই মারা যান।
তিনি আরও জানান, ভারি বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো উখিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।



















