মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র সজীব
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২২ জুন) তাকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে চাঁদাবাজির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সজীবকে আটক করে পুলিশ। শনিবার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডিএমপি ডিবি সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে আটকের পরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।






















