ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার মিরপুর থেকে ৭ কিলোমিটারের মধ্যে।
প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই নিরাপত্তার জন্য ঘর ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।
তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা, উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিটে বাংলাদেশের ঢাকা থেকে ১৫.৮ কিলোমিটার (১০ মাইল) দূরে ৪.০ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬ কিলোমিটার (১০ মাইল), যা অত্যন্ত অগভীর।
এলাকাটিতে এর কম্পন ব্যাপকভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায়, একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় এর কম্পন উৎপত্তিস্থলের কাছাকাছি অনেক বেশি জোরালোভাবে অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন বলেছেন, ভূমিকম্পের মাত্রা কত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।


















