ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েন, থাকবে ৩০ জুন পর্যন্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এসব জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের কয়েকটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় সেনা মোতায়েনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।


















