আ.লীগের কর্মসূচি ঘিরে সতর্কতা, মাঠে পুলিশ–সেনা–বিজিবি
- সংবাদ প্রকাশের সময় : ১১:২১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ছয় জেলায় সোমবার থেকে সেনাবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থায় আগামী ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে সেনাসদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতেই এসব এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।
এর আগে সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাঠপর্যায়ে পুলিশসহ সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


















