সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
৭৫ কারাগারে অতিরিক্ত বন্দির চাপ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ৭ জুন পর্যন্ত দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৪৫ হাজার ১৩৬ জন (পুরুষ ৪৩ হাজার ১০৭ ও নারী ২ হাজার ২৯)। এর বিপরীতে বর্তমানে কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ ও নারী ২ হাজার ৭৭), যা ধারণক্ষমতার তুলনায় প্রায় ১.৭ গুণ বেশি।
তিনি বলেন, অতিরিক্ত বন্দির কারণে কিছু কারাগারে আবাসন সংকট তৈরি হয়েছে। এ সমস্যা নিরসনে ইতোমধ্যে কেরানীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ দ্রুত চালুর কাজ চলছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে অতিরিক্ত আরও প্রায় ২ হাজার ৯৫৫ জন বন্দি ধারণক্ষমতা বাড়বে, ফলে মোট সক্ষমতা দাঁড়াবে ৪৮ হাজার ১৩১ জনে।
তিনি আরও জানান, রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্পও গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
























