শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-এর বিচারক মুহাম্মদ আলী আক্কাস বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ি এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আয়াত নিখোঁজ হয়। পরে তদন্তে বেরিয়ে আসে, প্রতিবেশী আবীর আলী তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে সাগরে ফেলে দেয়।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন।
রায় ঘোষণার সময় আদালতে সংশ্লিষ্ট আইনজীবী, মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাসহ নিহত শিশুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ ও অন্যান্য আইনি বিষয় বিস্তারিত জানা যাবে।





















