আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে রুপালি রাণী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুপালি রাণী একই গ্রামের অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেকেন্দার হাজির মালিকানাধীন একটি আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্ত শুরু করেন।
সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, সব দিক মাথায় রেখে তদন্ত চলছে।





















