বর্ষার পর স্থানীয় সরকার নির্বাচন, এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। বাজেট বরাদ্দ ও অর্থের প্রাপ্যতার ভিত্তিতে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে, এরপর অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশন-সহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। এ ছাড়া সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন-কে চিঠি পাঠানো হয়েছে।
নতুন অর্থবছর শুরু হলে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে বলেও জানান তিনি।






















