২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তনের ইঙ্গিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, “পরীক্ষার সময় এগিয়ে আনার বিষয়ে বিভিন্ন পর্যায় থেকে মতামত আসছে। অংশীজনরা যদি পরিবর্তনের পক্ষে মত দেন, তাহলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।”
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন করে শিক্ষামন্ত্রীর বক্তব্যে সেই সিদ্ধান্তে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্টদের মতামত ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।




















