জনতার তোপের মুখে অভিষেক ব্যানার্জী, চরম উত্তেজনা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রোববার (৩১ মে) সোনারপুরের কামরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছালে একদল স্থানীয় বাসিন্দা ও বিক্ষোভকারী তাকে ঘিরে ধরেন। এ সময় ‘গো ব্যাক’ ও ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে।
স্থানীয়দের একাংশের দাবি, অতীতে এলাকায় বিভিন্ন ঘটনা ঘটলেও রাজনৈতিক নেতাদের তেমন দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ থেকেই তারা বিক্ষোভে অংশ নেন। তবে এ বিষয়ে বিক্ষোভকারীদের বক্তব্যের স্বাধীন কোনো যাচাই সম্ভব হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হামলার সময় তার পরনের জামা ছিঁড়ে যায় এবং চশমা ভেঙে দেওয়া হয়। মাথায় হেলমেট থাকায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
তৃণমূল নেতা অভিযোগ করেন, বিজেপির মদদে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, “আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি উচ্চ আদালত ও রাজ্যপালের নজরে আনা হবে।”
নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে অভিষেক বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না।
এদিকে ঘটনাস্থলের কাছে থানা থাকা সত্ত্বেও পুলিশ দ্রুত উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
ঘটনার সময় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখনো সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















