বিধিমালায় বড় পরিবর্তন আসছে
পোস্টার ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে এবারও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। একই সঙ্গে অনলাইন মনোনয়ন, ইভিএম ও কিছু শর্তেও বড় ধরনের পরিবর্তন আসছে বলে তিনি জানান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনের অংশ হিসেবে পোস্টার বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন মনে করছে, প্রচারের আধুনিক ও পরিবেশবান্ধব বিকল্প পদ্ধতির দিকেই এগোনো উচিত।
তিনি আরও জানান, সংশোধিত বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান ব্যবস্থা বাতিল করা হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধানও থাকছে না। পাশাপাশি নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে, ফলে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।
বর্তমানে প্রার্থীদের সমর্থনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার শর্তও তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। এছাড়া উপজেলা নির্বাচন ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা থাকছে না। একই সঙ্গে ফেরারি আসামি এবং আইসিটি আইনে চার্জশিটভুক্ত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না।
আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। কমিশন আশা করছে, অক্টোবর থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে চারটি বিষয় গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন—সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এবং নির্বাচনী কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতা।
তিনি বলেন, সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকাতে প্রয়োজন হলে কেন্দ্র বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে বলেও তিনি জানান।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
























