হাম আতঙ্ক বাড়ছে, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি শিশু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ শিশু। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত দুই মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ শিশু।
এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ জন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগ-এ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ২১০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।























