বললেন ডা. শফিকুর রহমান
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
শনিবার (১৬ মে) রাজশাহী-তে আয়োজিত এক বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর আমির বলেন, বিএনপি তাদের সংস্কার কর্মসূচির প্রথম দফাতেই সংবিধান সংস্কারের কথা বলেছিল। কিন্তু এখন তারা সংবিধান সংস্কারের বিষয়টি বুঝতে না পারার কথা বলছে, যা তাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনি ইশতেহারে অনির্বাচিত প্রতিনিধি না রাখার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পর বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে। তার ভাষ্য, প্রশাসকরা নির্বাচিত প্রতিনিধি নন এবং এটি ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।
বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, সরকার পূর্বে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও এখন সংশ্লিষ্ট অর্ডিন্যান্স বাস্তবায়নে অনাগ্রহ দেখাচ্ছে। এতে করে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গুম, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং প্রশাসনিক কাঠামো নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, একটি স্বাধীন গুম কমিশন ও স্বাধীন পিএসসি গঠনের দাবি উপেক্ষা করা হচ্ছে।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চলতে থাকলে তাদেরও অতীতের স্বৈরাচারী সরকারের মতো পরিণতি হতে পারে।
চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি আরও বলেন, বর্তমানে দেশে “চাঁদাবাজির মহোৎসব” চলছে এবং এসব বিষয়ে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।




















